সারাদেশে নারীদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ইসলামী ছাত্রীসংস্থার

সারাদেশে নারীদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ইসলামী ছাত্রীসংস্থার সারাদেশে নির্বাচনি প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রীসংস্থা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গনে ইসলামী ছাত্রীসংস্থার ঢাবি শাখা এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নার তামান্না বলেন, নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর শারীরিক হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতে অনলাইনে যেসব নারী সরব হয়েছেন, তাদের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফ্যাট শেমিং, মেসেঞ্জারে হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার করছেন। তিনি জানান, গত দুদিনে অন্তত ১৪টি নারী নির্যাতন ও হেনস্তার ঘটনা সংগঠনের নজরে এসেছে। ২৫ জানুয়ারি যশোরের ঝিকরগাছায় যুবদল সভাপতির নেতৃত্বে হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে চুয়াডাঙ্গা ও কুমিল্লায় নারীকর্মীদের হেনস্তার অভিযোগ ওঠে। সাবিকুন্নার তামান্না আরও জানান, ২৬ জানুয়ারি টাঙ্গাইলে এক নারীর ওপর বর্বর হামলার পাশাপাশি লালমনিরহাটে ১৩ নারীকর্মীকে হেনস্তা করা হয়। এর আগে ভোলার চরফ্যাশনে এক নারীর কান ছিঁড়ে অলংকার ছিনিয়ে নেওয়া, নাটোরে নারীকর্মীদের চর-থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এছাড়া লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ভোলা, মেহেরপুর ও ঢাকার মিরপুর এলাকায় বিভিন্ন সময় নারীকর্মীদের হেনস্তা ও হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ জানুয়ারি বিএনপির এমপি প্রার্থী পাপিয়া তার বক্তব্যে জামায়াত ও ছাত্রী সংস্থার কেউ নির্বাচনি প্রচারণায় গেলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলেন। এতসব ঘটনার পরও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সাবিকুন্নার তামান্না।

1 thought on “সারাদেশে নারীদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ইসলামী ছাত্রীসংস্থার”

  1. Md. Anoar Hossain Hossain

    সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিচার করা উচিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top