ভোটাধিকার-গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপির আলোচনাসভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা করেছে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সভায় আসন্ন সংসদ নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এফওয়াইপির পক্ষ থেকে দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিওর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব উপকরণের প্রচার কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকালেই নয়, বরং সার্বিকভাবে জনসচেতনতা তৈরি করা জরুরি।’ তরুণ প্রজন্ম সচেতনভাবে এগিয়ে এলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, ভোটাধিকার রক্ষায় জনমত গঠনের বিকল্প নেই। এফওয়াইপির উপদেষ্টা রাশেদ উল হক সরকার জানান, সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জান্নাতুল ইলমি সূচনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top