নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের মধ্যে তিনি একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী পুতুল বর্তমানে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, দলের মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিনবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এ তালহার কাছে পরাজয়ের পর আসনটি বিএনপির হাতছাড়া হয়। ২০১৬ সালে ফজলুর রহমান পটলের মৃত্যু হলে পরিবারের রাজনৈতিক দায়িত্বে সক্রিয় হন পুতুল। ২০১৮ সালের নির্বাচনে তাঁর মা অধ্যক্ষ (অব.) কামরুনাহার শিরিন দলীয় মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি।
সাম্প্রতিক নির্বাচনে পুতুলের জয় সহজ ছিল না। তিনি দলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু ও জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সাইবার বুলিংয়ের শিকার হন এবং দলের ভেতর থেকেও কিছু বাধার সম্মুখীন হন। তবে এসব প্রতিকূলতা অতিক্রম করে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি বিজয় নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণ তাঁর ওপর আস্থা রেখেছে—এই বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি গণমানুষের সেবায় কাজ করবেন এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট থাকবেন।



