নতুন বছরে ৯৯ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন বছরে ছয় মামলায় ৯৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। যাচাই-বাছাইয়ের পর প্রসিকিউশনের পক্ষ থেকে গত জানুয়ারিতে চার মামলায় ৮৮ এবং ফেব্রুয়ারিতে দুই মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছিল। এছাড়াও চার মামলায় সজিব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মাসেই আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুমের দুই মামলা ও জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের ঘটনায় এক মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ ৩২ জনের বিচার শুরু হয়েছে। এছাড়া আবু সাঈদ হত্যা মামলা ও আশুলিয়া হত্যা মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আমার দেশকে বলেন, জুলাই বিপ্লবের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে জুলাইয়োদ্ধা ও দেশবাসীর আক্ষেপ ছিল ট্রাইব্যুনালে কাজ হয় না, বিচার হয় না। আসলে ওই সময়টা ছিল তদন্তের পিরিয়ড। কারণ ট্রাইব্যুনালে যে কোনো মামলা বিচারে আনতে গেলে আগে তদন্ত করতে হবে। এই এক বছর তিন মাস বা এক বছর চার মাসে তদন্ত সংস্থা তদন্ত করেছে। আর আমরা যাচাই-বাছাই করে কয়েকটি মামলার তদন্তকে প্রাধান্য দিয়ে বিচারের জন্য আলাদা করে এনেছি। এই মামলগুলো হলো শেখ হাসিনার মামলা, চাঁনখারপুলের মামলা, আবু সাঈদ হত্যা মামলা ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা। এর মধ্যে শেখ হাসিনা ও চাঁনখারপুল মামলার রায় হয়েছে। অন্য মামলাগুলোর বিচার এগিয়ে আসছে। সেই তদন্তের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। গত এক বছরে একটানা যে মামলাগুলোর তদন্ত হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে সেগুলোর অভিযোগ দাখিল হচ্ছে।



