নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নিয়োগ পাওয়ার পর তিনি নগরীর সমস্যা সমাধান করে নারায়ণগঞ্জকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি দলের কাছে কৃতজ্ঞ। অতীতের ত্যাগের মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। যানজট, হকার সমস্যা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করব এবং নগরবাসীকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে যানজট, ধুলাবালি ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য ৬০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করবেন। এই সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ঢাকার পাশের জেলা হয়েও নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সবার সহযোগিতায় নারায়ণগঞ্জকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।



