কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে ৩২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। সোমবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার রাত পৌনে ২টার দিকে ফুলবাড়ী থানার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকার নিজ বাড়ি থেকে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান জানান। ২৬ বছর বয়সী শাহীনকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান বলছেন, গোপন সংবাদে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে প্রেপ্তার করা হয়। পরে ফুলবাড়ী থানায় মাদকের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। জেলায় মাদক নির্মূলে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।



