খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি  হয়েছে বলে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল এ কথা বলেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন।

সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন, দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এ জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, সারা দেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চেয়েছি।

‘ বিএনপির মহাসচিব বলেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন। নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্-রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ-যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

1 thought on “খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি: মির্জা ফখরুল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top