ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় তেহরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে সার্বিয়া, সুইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার দিবাগত রাতে সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে বলে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে তখনও সার্বিয়া একই ধরনের সতর্কতা দিয়েছিল।
অন্যদিকে, পৃথক বার্তায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান জানান। তিনি লেখেন, ইরানে থাকা সুইডিশ নাগরিকরা যেন দয়া করে দ্রুত দেশটি ত্যাগ করেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদে জড়িত। সম্প্রতি একটি সমঝোতার আশা তৈরি হলেও পরিস্থিতি অনিশ্চিত। গত শুক্রবারও ইরান জানিয়েছিল, তারা একটি চুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে তেহরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনা সফল না হলে ইরানের ওপর সীমিত সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সোর্স: এএফপি



