আকাশে দেখা যাবে গ্রহের শোভাযাত্রা

চলতি ফেব্রুয়ারিতে আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য। সূর্যাস্তের পর একসঙ্গে সারিবদ্ধভাবে দেখা দেবে ছয়টি গ্রহ। নাসা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সূর্য ডোবার প্রায় ৩০ মিনিট পর পশ্চিম আকাশে তাকালেই মিলতে পারে এই একসঙ্গে ছয় গ্রহ ‘গ্রহের শোভাযাত্রা’।

যে ছয়টি গ্রহ দেখা যাবে সেগুলো হলো—বুধ, শুক্র, নেপচুন, শনি, ইউরেনাস এবং বৃহস্পতি। তবে সবগুলো খালি চোখে দেখা যাবে না। পরিষ্কার আকাশ থাকলে চারটি গ্রহ দেখা সম্ভব। ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা টেলিস্কোপ লাগবে। অনেক সময় মার্কারিও দেখতে কষ্ট হয়।

নাসা বলছে, কোনো গ্রহ খালি চোখে দেখতে হলে সেটিকে দিগন্তরেখা থেকে অন্তত ১০ ডিগ্রি ওপরে থাকতে হয়। কারণ সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় পৃথিবীর নিচের বায়ুমণ্ডল আলো ঝাপসা করে দেয়। গ্রহ খুব নিচে থাকলে তার আলো ছড়িয়ে যায় বা শোষিত হয়। ভবন, গাছ বা অন্য বাধাও দৃষ্টিতে সমস্যা করতে পারে।

২৮ ফেব্রুয়ারি পশ্চিম দিকে খোলা জায়গায় দাঁড়িয়ে আকাশ দেখাই হবে সবচেয়ে ভালো উপায়। তবে ছয়টি গ্রহ একসঙ্গে দেখা কঠিন। শুক্র ও বুধ থাকবে দিগন্তের কাছে। তার পর শনি ও নেপচুন। ইউরেনাস ও বৃহস্পতি থাকবে আকাশের বেশ ওপরে।

নাসার তথ্য অনুসারে, সাধারণত প্রায় প্রতিদিনই অন্তত একটি উজ্জ্বল গ্রহ দেখা যায়। সূর্যাস্তের সময় দুই বা তিনটি গ্রহ একসঙ্গে দেখা স্বাভাবিক ঘটনা। চার বা পাঁচটি গ্রহ খালি চোখে একসঙ্গে দেখা কয়েক বছর পরপর ঘটে। তবে ছয়টি গ্রহ একসঙ্গে সারিবদ্ধভাবে দেখা বেশ বিরল।

পরবর্তী এমন ঘটনা ঘটবে ২০২৮ সালের অক্টোবরে, ভোরের আগে। আবার ২০৩৪ সালের ফেব্রুয়ারিতে সূর্যাস্তের পর পাঁচটি গ্রহ দেখা যাবে। তবে তখনও শুক্র ও বুধ দেখা কঠিন হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top