মৃত্যুর ৪ দিন পর প্রকাশ হলো জেনস সুমনের নতুন গান

জেনস সুমন ১৬ বছর বিরতি কাটিয়ে গত বছর গানে ফিরেছিলেন এবং এরপর নিয়মিত গান প্রকাশ করছিলেন। লম্বা বিরতি শেষে নতুন করে শূন্য থেকে শুরু করেছেন তিনি। তার সংগীত ক্যারিয়ারের এই নতুন ইনিংস দীর্ঘ হয়নি। গত ২৮ নভেম্বরে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ‘একটা চাদর হবে’ ফেমড গায়ক। তার মৃত্যুর ৪ দিন পর প্রকাশ পেলেন জেনস সুমনের নতুন গান।’কেউ জানলো না কেউ বুঝলো না’ শিরোনামের গানটি লিখেছেন ফারুক আসাদ এবং সুর ও সংগীত পরিচালনায় অমিত কর করেছেন। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গত মঙ্গলবার প্রকাশিত নতুন গানটি নিয়ে কর বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমনের ভক্তদের ভালো লাগবে গানটি।’গত সেপ্টেম্বরে সুমন জানিয়েছিলেন, নতুন করে গানে ফেরা তার কাছে পুনর্জন্মের মতো। এই ইনিংসে অভিজ্ঞ সুরকারদের পাশাপাশি কাজ করতে চান নতুন প্রজন্মের সঙ্গে। পরিকল্পনামাফিক বেশ কয়েকটি গান রেকর্ডিংও করেছিলেন এবং এখনো অপ্রকাশিত রয়েছে বেশ কয়েকটি গান। সেই গানগুলোর একটি ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন এবং পরিচিতি পান ‘একটা চাদর হবে’ গান দিয়ে। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রচারের পর ব্যাপক সাড়া পড়ে। রাতারাতি আলোচনায় চলে আসেন জেনস সুমন। জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ পেয়েছিল ১৯৯৭ সা‌লে এবং একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সা‌লে ‘মন চ‌লো রূপের নগ‌রে’ অ্যালবামের পর বিরতিতে চলে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top