শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঘোষণার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।
শনিবার সকালে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ মার্কেট ও কাঁটাবন এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত শেষে চলে গেলে তারা পুনরায় শাহবাগে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করবেন।
পরিকল্পনা অনুযায়ী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ওসমান হাদির কবর জিয়ারত করে এলাকা ত্যাগ করার পর বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। দুপুরের দিকে সেখানে আন্দোলনকারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করেন। তারা দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
এর আগে শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সরকারের উপদেষ্টারা সরাসরি এসে আন্দোলনকারীদের সামনে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না। তিনি আরও জানান, হাদি হত্যার পরিকল্পনাকারী, সরাসরি হত্যাকারী এবং হত্যার পর যারা অভিযুক্তদের ভারতে পালাতে সহায়তা করেছে—তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাতেই সংবাদমাধ্যমকে জানানো হয়, তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলেও সংগঠনটি উল্লেখ করে।





তারেক রহমানের প্রস্থান শেষে শাহবাগে ফের অবস্থান ইনকিলাব মঞ্চের
রাজনীতিতে এরকমই হওয়া উচিত।