দুর্ঘটনায় বিএনপি নেতাকর্মীবাহী বাস, আহত অনেকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা–নোয়াখালী মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী এলাকা থেকে নীলাচল পরিবহনের একটি বাস বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, মধ্যরাতে বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের বিভাজকের ওপর উঠে গেলে ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের প্রাথমিকভাবে সহায়তা করেন এবং গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আদেল আকবর আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২ থেকে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা তুলনামূলকভাবে কম আহত হওয়ায় পেছনে থাকা অন্য একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।
দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top