নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার। শুক্রবার বিকালে যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অমিত বলেন, রোজার মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি, সে চেষ্টা আমাদের রয়েছে। তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি রয়েছে। সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে জনদুর্ভোগ কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি।

দেশবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটু সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সমস্যার সমাধান আমরা করতে পারব।

সামনের বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষীদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরেই সেচের মৌসুম। চাষীদের বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে চাষীদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সামনের সেচ মৌসুমে চাষীদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ, পানি নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।’

এর আগে বিকালে সার্কিট হাউজ মিলনায়তনে যশোর জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অনিন্দ্য ইসলাম অমিত। সভায় কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের নানা সংকটের কথা তুলে ধরেন। এসব সংকটের সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সভায় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো শুক্রবার সকাল ১১টায় বিমানযোগে নিজ জেলা যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে যশোর সার্কিট হাউজে পৌঁছালে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তাকে যশোর পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top