শেরপুর-জামালপুর সীমান্তের ব্রহ্মপুত্র সেতু এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফেরিঘাট সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আইয়ুব ফকির(৬০) শেরপুর সদর উপজেলার চরমুছারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা আইয়ুব ফকির (৬০) এবং তার ছেলে দেলোয়ার (৩২)।
স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে ছেলেদের নিয়ে মোটসাইকেলে করে জামালপুর থেকে শেরপুর এসেছিলেন আইয়ুব ফকির। নামাজ শেষে তারা আবারও মোটরসাইকেলে করে জামালপুরের উদ্দেশে রওনা দেয়। তাদের মোটরসাইকেল ফেরিঘাট সেতু এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টে তাদের থামার নির্দেশ দেয়।
তারা নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল থামালে, ওই সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিতা ও পুত্রের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান রহমান ভূঁঞা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।




