চট্টগ্রামে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয়ে এক দুবাইফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকারের একটি অংশ ও নগদ টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)। 

শুক্রবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনসে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

ডিবি জানিয়েছে, মামলার বাদী শফিউল আলম গত ১৪ ফেব্রুয়ারি সকালে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। পরে সকাল পৌনে ১০টার দিকে ভাড়া গাড়িতে করে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসার উদ্দেশে রওনা দেন। সকাল সোয়া ১০টার দিকে ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের ওপর পৌঁছালে একটি নোহা গাড়ি তার গতিরোধ করে। এ সময় ৪ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা ১০০ গ্রাম স্বর্ণালংকার (৪টি নেকলেস, ১০টি আংটি, ২টি বালা, ৩টি চেইন), একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ মালামাল জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী শফিউল আলম নগরের খুলশী থানায় মামলা দায়ের করেন।

ডিবির ডিসি শেখ শরীফুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের ওপর ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের মামলায় বৃহস্পতিবার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমিন মার্কেট আমানত শাহ জুয়েলার্স থেকে স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত উত্তম চৌধুরী প্রকাশ রবি চৌধুরীকে ছিনতাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টার বন্ধু সুন্দর জুয়েলার্স থেকে ৬৯.৩৯ গ্রাম ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধার করা হয়। 

গ্রেফতার সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি সহযোগীদের নিয়ে বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই করতেন। ছিনতাইকৃত স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি করা হতো। সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top