বরিশাল সদর উপজেলায় ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যাকে জমির বিরোধে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপুর বাদামতলা রাস্তার পাশ থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
নিহত ৬০ বছর বয়সী মো. দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের বাসিন্দা নজির চৌধুরীর ছেলে এবং ওই ইউনিয়নের বৌশের হাটের ইজারাদার ছিলেন।
বাদামতলা গ্রাম পুলিশ সদস্য মো. ওসমান বলেন, বাদামতলা এলাকার পার হওয়ার সময় এক অটোরিকশা চালক সেখানে একটি সাইকেল ও মাফলার পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টুকে জানান। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি গ্রাম পুলিশকে খবর দেন।
ওসমান বলছেন, খবর পেয়ে তিনি গিয়ে ডোবার ভেতর থেকে লাশটি উদ্ধার করেন।
“নিহত দেলোয়ার চৌধুরীর মাথার ডান পাশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। কারণ তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫২ হাজার টাকা পাওয়া গেছে।”
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু বলেন, “জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে। একই বিরোধে এর আগে দেলোয়ারের বাবা নজির চৌধুরীকেও হত্যা করা হয়েছিল।”
বাদামতলা এলাকতার বাসিন্দা আজাদী বলেন, “বাজারের ইজারার টাকা তুলে দেলোয়ার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। পথে বাদামতলার নির্জন এলাকায় তাকে একা পেয়ে কুপিয়ে রাস্তার পশে হোগলপাতার ডোবায় ফেলে রেখেছে। শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে জানিয়েছে ওসি মিজানুর রহমান বলছেন, তাদের দেওয়া তথ্য অনুযায়ী জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।




