খুলনার কৈয়া বাজার এলাকা থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মিলন মালকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সাতক্ষীরা থেকে মাদকের চালানটি ঢাকায় নেওয়ার পথে আটক করা হয়। মিলন মাল (২২) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।
হরিণটানা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খুলনা-সাতক্ষীরা রুটের ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় চেকপোস্ট বসায়। দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেয় পুলিশ। গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। এসময় যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




