চাঁদপুরে ছত্রাকনাশক মেশানো বীজ ভুট্টা ব্যবহারে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় একটি আটা মিলে ছত্রাকনাশক ও রং মেশানো বীজ ভুট্টা গো-খাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে প্রলেপ দেওয়া প্রায় ৩০০ বস্তা ভুট্টা জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় নিরাপদ খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরাণবাজারের হাসিনা আটা মিলে ছত্রাকনাশক মিশ্রিত বীজ ভুট্টা ভেঙে গো-খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়।

অভিযুক্ত ব্যবসায়ী জানান, ভুট্টাগুলো সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে। এগুলো বিক্রি নিষিদ্ধ—এ তথ্য তাঁর জানা ছিল না।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ছত্রাকনাশক প্রলেপ দেওয়া বীজ ভুট্টা খাদ্য বা পশুখাদ্য হিসেবে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমন অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা গো-খাদ্য বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top