শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেরপুরের ঝিনাইগাতী আমলি আদালতে জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুজন বিএনপি কর্মী।

জানা গেছে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলায় গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সঙ্গে এক সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। ওই ঘটনায় ওই আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে আরও নামে বেনামে অন্তত ৮০০ জনকে অভিযুক্ত করে রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ৩০ জানুয়ারি ঝিনাইগাতী থানায় মামলা করেন।

ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের বিএনপি কর্মী আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলি আদালতে সিআর-৬১ ও সিআর-৬২ নম্বরে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামির সংখ্যা জামাতের সহস্রাধিক নেতাকর্মী। 

মামলায় শ্রীবরদী উপজেলার পশ্চিম তাঁতিহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে জামায়াত নেতা  আজহারুল ইসলাম মিস্টারকে (৫০) প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায় মোট ২৪৪ জনকে স্বনামে এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, গতকাল ১৬ ফেব্রুয়ারি বিকেলে আদালত থেকে সংশ্লিষ্ট থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করলে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top