কুমারখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এক ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে।  রড ও কাঠের বাটাম দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।  রবিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসলাম উদ্দিন (২১) যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আসলাম উদ্দিন জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকার কাছে দুইটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন ব্যক্তি তার পথরোধ করে। তারা রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের কারও মুখ বাঁধা ছিল এবং কেউ মুখে মাস্ক পরা ছিল বলে তিনি দাবি করেন।

জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় ইমাম সাহেবের ওপর হামলা হয়েছে। তার পিঠ, হাত, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এক ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top