ব্রাহ্মণবাড়িয়ায় প্লাবনভূমি ও কৃষিজমিতে বালু ভরাটের অভিযোগে দুই নির্মাণশ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে জেলার তিতাস নদীতে এই অভিযান চালানো হয়।
জানা যায়, শহরতলীর কালীবাড়ি-সিমনা সড়কের শিমরাইলকান্দি এলাকার দ্বিতীয় সেতুর সংলগ্ন তিতাস নদীর প্লাবনভূমি ও কৃষিজমির প্রায় ৭৫ শতাংশ জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করে নির্মাণকাজ করছিলেন জেলার বিজয়নগর উপজেলার বিল্লাল মিয়া। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন অভিযান পরিচালনা করেন।
এ সময় নির্মাণশ্রমিক ভাদুঘর উত্তরপাড়া এলাকার শেখ সিরাজুল ইসলাম অপু (৩৩) এবং শিমরাইলকান্দি এলাকার মো. রাহুল (৩৮)–কে আটক করা হয়। তারা উভয়েই শিমরাইলকান্দি এলাকার ভাদুঘর উত্তরপাড়ার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে বেআইনিভাবে বালু ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জমির মালিককে না পেয়ে নির্মাণশ্রমিকদের আটক করা হয়। তাদের পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে বলে তিনি জানান।
তবে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ ও জামিনদার উপস্থিত না থাকায় তাদের সদর উপজেলা ভূমি অফিসে নেয়া হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




