সেলফি তুলে পোস্ট দেওয়ার পরেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছুটে আসে। সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যুবক।

রবিবার কুমিল্লার লালমাইতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। মহি উদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন। সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়। ট্রেন আসতে দেখে সরে যাওয়ার আগেই তিনি লাইনের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top