আসছে আইফোন ১৭ই

শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের সাশ্রয়ী স্মার্টফোন আইফোন ১৭ই। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, আগামী সপ্তাহেই (১৯ থেকে ২৫) ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিভাইসটি উন্মোচন করতে পারে টেক জায়ান্টটি। 

সাধারণত সাশ্রয়ী এই মডেলের জন্য অ্যাপল বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে না। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের তথ্যমতে, খুচরা বিক্রেতাদের কাছে আগের মডেল তথা আইফোন ১৬ই-এর মজুদ ফুরিয়ে আসার বিষয়টিই নতুন এই ফোনের আগমনের স্পষ্ট বার্তা দিচ্ছে।

নতুন এই আইফোন ১৭ই মডেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অ্যাপলের শক্তিশালী এ-নাইনটিন চিপসেট, এটি বর্তমানে আইফোনের ফ্ল্যাগশিপ মডেলে ব্যবহৃত হচ্ছে। এর ফলে বাজেট ফোন হলেও এটি পারফরম্যান্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না। এছাড়া প্রথমবারের মতো এই সাশ্রয়ী সিরিজে যুক্ত হতে যাচ্ছে ম্যাগসেফ সাপোর্ট, ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং এবং চৌম্বকীয় এক্সেসরিজ ব্যবহারের সুবিধা পাবেন। উন্নত নেটওয়ার্ক গতির জন্য এতে অ্যাপলের নিজস্ব সিওয়ান-এক্স মডেম এবং এন-ওয়ান  কানেক্টিভিটি চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ই-তে খুব বেশি চমক থাকছে না বলেই মনে করা হচ্ছে। এতে আইফোন ১৬ই-এর মতো ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বজায় থাকতে পারে। তবে কোনো কোনো সূত্র বলছে, ডিসপ্লের উপরের নচটি সরিয়ে এবার ডাইনামিক আইল্যান্ড যুক্ত হতে পারে। ফোনের সামনে থাকতে পারে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দামের ক্ষেত্রে গ্রাহকদের জন্য সুখবর হলো, নতুন এই ফোনের দাম আগের মতোই ৫৯৯ ডলার বা দুবাইতে ২,৫৯৯ দিরহামের আশেপাশে রাখা হতে পারে। আধুনিক চিপসেট ও ম্যাগসেফের মতো ফিচারের উপস্থিতিতে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোনের বাজারে আইফোন ১৭ই বেশ প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

1 thought on “আসছে আইফোন ১৭ই”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top