নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পেরোলেই আবার রাস্তায় ফিরবে মোটরসাইকেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল আমীন মো নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পার হলেই, ১৪ ফেব্রুয়ারি ভোর থেকে আবার মোটরসাইকেল চলতে পারবে।

একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন, বিমানবন্দরগামী যাত্রী ও স্বজনদের যানবাহন টিকিট প্রদর্শন সাপেক্ষে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

সাংবাদিক, পর্যবেক্ষক, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। পাশাপাশি বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনকেও জরুরি সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচির বাইরে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top