২০২৮ বিশ্বকাপের টিকিট পেল ১২ দল, বাংলাদেশের অবস্থান কত

ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। এতে আশঙ্কা তৈরি হয়েছিল, পরবর্তী বিশ্বকাপ আসরে বাংলাদেশ হয়তো সরাসরি খেলতে পারবে না, বাছাইপর্ব খেলতে হতে পারে টাইগারদের।

তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলকে সুখবর দিল আইসিসি। এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ।

আইসিসির নির্ধারিত বাছাই নীতিমালা অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক দুই দল এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও দুই দল সরাসরি জায়গা পাবে ২০২৮ সালের বিশ্বকাপ আসরে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

এছাড়া নিউজিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০-১১-১২তম দল হিসেবে এই তিন দেশই সুযোগ পাবে বিশ্বকাপে।

এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top