দুই দলের ব্যাটিংয়ে শক্তি-সামর্থ্যের খুব একটা পার্থক্য দেখেন না শন পোলক। তবে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন তিনি। প্রোটিয়া সাবেক অধিনায়কের মতে, তাদের বিপক্ষে ব্যবধান গড়ে দিতে পারেন জাসপ্রতি বুমরাহ ও বরুন চক্রবর্তী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে আগামী রবিবার সন্ধ্যায় শুরু গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াই। ২০২৪ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে দক্ষিণ আফ্রিকার। ব্রিজটাউনের ওই ম্যাচে স্রেফ ৭ রানের জন্য হেরে যায় প্রোটিয়ারা। সেই লড়াইয়ে দুর্দান্ত বোলিং করেন বুমরাহ। ৪ ওভারে কেবল ১৮ রান দিয়ে দুই উইকেট নেন ভারতের তারকা পেসার।
এবারের আসরেও ভালো বোলিং করছেন বুমরাহ। উইকেট কেবল চারটি পেলেও রান দিয়েছেন ওভারপ্রতি কেবল ছয় করে। আর তার সতীর্থ বরুন তো আছেন দুর্দান্ত ছন্দে। আসরে এখন পর্যন্ত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। এখন পর্যন্ত চার ম্যাচে খেলে ৯ উইকেট নিয়েছেন ভারুন। তার বিপক্ষে তো রান করতেই রীতিমতো ভুগছে ব্যাটসম্যানরা। ওভারপ্রতি স্রেফ ৫.১৬ করে রান খরচ করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সুপার স্পোর্টের একটি অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার পোলক বলেন, ব্যাটিংয়ে ভারতের সঙ্গে টক্কর দিতে পারলেও বোলিংয়ে কিছুটা পিছিয়ে তারা। আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা ও ভারত দলে এমন ক্রিকেটার আছে, যারা নির্দিষ্ট দিনে একে অপরের সমকক্ষ হতে পারে। কুইন্টন (ডি কক) জ্বলে উঠতে পার। আর সে অভিশেকের মতো পারফর্ম করতে পারে। এইডেনও (মার্করাম) দ্যুতি ছড়াতে পারে। সে যে কারো সঙ্গে টক্কর দিতে পারে। আমি কেবল বলতে চাচ্ছি, যখন দুই দলকে দেখি, আমার মনে হয়, পার্থক্য গড়ে দেয় দুই বোলার বুমরাহ ও চক্রবর্তী।
বুমরাহ ও ভারুনকে কেন দক্ষিণ আফ্রিকার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ১০৮ টেস্ট, ৩০৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা পোলক। তিনি বলেন, আমি বলছি না যে, দক্ষিণ আফ্রিকার মানসম্মত ক্রিকেটার নেই, তবে ভারতের বিরল ঘরানার বোলাররা তাদেরকে সম্ভবত কিছুটা এগিয়ে রাখছে। বুমরাহ অপ্রথাগত বোলার, তার রিস্ট পজিশন দারুণ। সে পাওয়ার প্লেতে নতুন বলে দুর্দান্ত বোলিং করে। যদি মাঝে ও ডেথ ওভারে বোলিং করতে হয়, তখনও সে অসাধারণ বোলিং করে।
পোলক আরও বলেন, এরপর মাঝের ওভারগুলোয় তাদের হয়ে ম্যাচে নিয়ন্ত্রণ কে রাখে? (বরুন) চক্রবর্তী… যখন ম্যাচআপের কথা বলি, সে এমন একজন বোলার ক্রিজে কে আছে তা নিয়ে ভাবে না। বাঁহাতি কিংবা ডানহাতি ক্রিজে যে-ই থাকুক, সে এমন একজন যে ব্যাটসম্যানকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই মনে হয় এই জায়গায় তারা আমাদের চেয়ে কিছুটা এগিয়ে।



