সতীর্থ রানার চোটে কপাল খুলল সিরাজের

শঙ্কা সত্যি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার হার্শিত রানা। তার বদলি হিসেবে আসর শুরুর আগের দিন দলে ডাক পেলেন আরেক পেসার মোহাম্মেদ সিরাজ।

গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্শিত। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদভ বলেন, হার্শিতের অবস্থা খুব একটা ভালো দেখাচ্ছে না।

এরপরই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, হার্শিতের বদলি হিসেবে দলে নেওয়া হচ্ছে সিরাজকে। এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে হার্শিতের বাদ পড়া ও সিরাজকে দলে নেওয়ার খবর জানায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি প্রয়োজন হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিরাজকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।

ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাজ দেড় বছর ধরে জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি। এই সংস্করণে ১৬ ম্যাচের সবশেষটি তিনি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top