‘ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছেন ভক্তরা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর চাওয়া–বৃষ্টিতে ভেসে যাক ভারত-পাকিস্তান লড়াই।

কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে প্রতিকূল পরিবেশের কারণে ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুদিন ধরেই। অ্যাকুওয়েদারের তথ্যমতে, রবিবার কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯৩ শতাংশ। আইসিসির নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচে ফল পেতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। যদি এই ন্যূনতম শর্ত পূরণ না হয়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান—দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হবে। গ্রুপ পর্বের কোনো ম্যাচের জন্যই ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি।

আবহাওয়ার পূর্বাভাস দেখে ক্রিকেটপ্রেমীরা যখন দুশ্চিন্তায় সময় পার করছেন, ঠিক তখনই ব্যতিক্রমী কথা বলে হতাশ করলেন বাসিত। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘আমার দোয়া, সর্বশক্তিমান যেন বৃষ্টি নামান (ভারত-পাকিস্তান ম্যাচ)। আমি চাই বৃষ্টি হোক।’

‘এ’ গ্রুপে নিজেদের দুটি করে ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের সংগ্রহ সমান চার পয়েন্ট। যথাক্রমে টেবিলের এক ও দুই নম্বরে আছে তারা। সমান পয়েন্ট হলেও নেট রান রেটের কারণে এগিয়ে আছে ভারত। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, শেষ পর্যন্ত দর্শকপ্রিয় ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় এবং পয়েন্ট ভাগাভাগি হয় সে ক্ষেত্রে একটি করে ম্যাচ হাতে রেখেই সুপার এইটে পৌঁছে যাবে উভয় দল। গ্রুপের বাকি তিন দল—যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া—সর্বোচ্চ চার পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top