ভারত-পাকিস্তান ম্যাচের আগে প্রেমাদাসায় বিষধর সাপ

ভারত-পাকিস্তান মহারণের আগে কলম্বোর প্রেমাদাসায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে পাকিস্তানের ডাগআউটে হঠাৎই দেখা মিলল এক বিষধর সাপের। অল্পের জন্য বড় বিপদ এড়াল দলটি।

আগামী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন, ১৪ ফেব্রুয়ারি অনুশীলনের উদ্দেশ্যে মাঠে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান দল। ঠিক সেই সময় ডাগআউটের কাছে একটি লম্বা ও সম্ভাব্য বিষধর সাপ বেরিয়ে আসে। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে।

নিরাপত্তাকর্মী ও গ্রাউন্ড স্টাফ দ্রুত পরিস্থিতি সামাল দেন। সাপটি অন্যত্র সরে যাওয়ার আগেই সেটিকে আটক করা হয়। ফলে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ওপর সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়। যদি সাপটি গ্যালারি বা মাঠের ভেতরে ঢুকে পড়ত, তাহলে বড়সড় আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

প্রেমদাসা স্টেডিয়ামে সাপের উপদ্রব নতুন নয়। অতীতেও একাধিক আন্তর্জাতিক ম্যাচে এমন ঘটনা ঘটেছে। গত বছরের ৩ জুলাই একই ভেন্যুতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের একদিনের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে একটি বড় সাপ। বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটে যাওয়া সেই ঘটনায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল।

এছাড়া ২০২৪ সালের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচেও সাপের কারণে খেলা সাময়িকভাবে থামাতে হয়েছিল। ফলে গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের আগে এই নতুন ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।

তবে আয়োজকরা আশ্বস্ত করেছেন, ম্যাচের আগে স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং খেলোয়াড়দের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top