বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল

প্রতিপক্ষের অর্ধে বল পেলেন লিওনেল মেসি। তারপর একাই বল টেনে নিলেন। বক্সে ঢোকার মুহূর্তে সামনে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকলেন। প্রতিপক্ষের আরেক ডিফেন্ডার চ্যালেঞ্জ করতে গিয়েও পারেননি। বাঁ পায়ের জাদুকরী শটে জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। ভুক্তভোগী ক্লাব তার বেশ পরিচিত নাম: বার্সেলোনা, কিন্তু স্পেনের নয়, ইকুয়েডরের ক্লাব।

চলতি বছর চোখ ধাঁধিয়ে প্রথম গোল করলেন মেসি। গুয়াকুইলে ইন্টার মায়ামির আরেকটি গোল বানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু জয়ের দেখা পায়নি আমেরিকান ক্লাব। নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

৩১তম মিনিটে মেসির চমৎকার গোলের পর প্রথমার্ধে সমতা ফেরায় বার্সেলোনা। ৪১ মিনিটে জোয়াও রোজাস স্কোর ১-১ করেন। বিরতিতে যাওয়ার আগেই স্টপেজ টাইমে মায়ামিকে লিড এনে দিতে অবদান রাখেন মেসি। ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের ক্রস ফিল্ড পাসে বার্তেরেম বক্সের প্রান্তে বল পান এবং মেক্সিকান ফরোয়ার্ড বার্সেলোনার গোলকিপারকে পরাস্ত করেন।

এক ঘণ্টার মাথায় মেসিকে উঠিয়ে লুইস সুয়ারেজকে নামান মায়ামি কোচ। জয়ের পথে ছিল তারা। কিন্তু এস্তাদিও বাঙ্কো পিচিনচায় নাটকের বাকি ছিল। ৮৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। কিছুক্ষণ পরই গোলপোস্টের বেশ কাছ থেকে জাল কাঁপান থমাস মার্তিনেজ।

দক্ষিণ আমেরিকায় তিন ম্যাচ খেলে কেবল একটি জয় পেয়েছে মায়ামি। পেরুর আলিয়াঞ্জা লিমার কাছে হারের পর কলম্বিয়ার অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে জেতে তারা। জাভিয়ের মাসচেরানোর দল নতুন মৌসুমের আগে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্দেপেনদিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। ২১ ফেব্রুয়ারি এলএএফসির মাঠে মায়ামির এমএলএস-এর নতুন মৌসুম শুরু হবে।

1 thought on “বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল”

  1. প্রতিপক্ষের অর্ধে বল পেলেন লিওনেল মেসি। তারপর একাই বল টেনে নিলেন।

Leave a Reply to Md Sohel Rana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top