ফাইনাল খেলবে ভারত-জিম্বাবুয়ে, যা বললেন দ্রাবিড়

টি টোয়েন্টি বিশ্বকাপ যত শেষের দিকে গড়াচ্ছে, ততই জমে উঠছে লড়াই। সুপার এইট পর্ব শুরু হতেই পয়েন্টের অঙ্ক, সম্ভাবনার হিসাব আর নকআউটের চাপ মিলিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এমন সময়ে ভারতের সাবেক প্রধান কোচ, কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় জানালেন নিজের স্বপ্নের ফাইনালের কথা।

এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেন, ফাইনালে ভারত যেকোনো দলের বিপক্ষে খেলুক, তাতেই তিনি খুশি। তবে তার বিশেষ ইচ্ছা, প্রতিপক্ষ হিসেবে থাকুক জিম্বাবুয়ে। তার মতে, জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটি হবে তাদের ক্রিকেট ইতিহাসে বিশাল অর্জন।

দ্রাবিড়ের ভাষায়, ভারত বনাম যেকোনো দল হলেও আমি খুশি। তবে ভারত বনাম জিম্বাবুয়ে হলে দারুণ হবে। জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটা তাদের ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি।

এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ে দারুণ চমক দেখিয়েছে। অধিনায়ক সিকান্দার নেতৃত্বে দলটি গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে আলোচনায় উঠে এসেছে। তাদের নির্ভীক পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে প্রশংসিত।

ভারতের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি ভালো ছন্দে রয়েছে। যদিও সুপার এইটের প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, তারপরও রাহুল দ্রাবিড় মনে করেন ভারতের সবচেয়ে বড় শক্তি দলগত গভীরতা। কেবল একজন বা দুজন তারকার ওপর নির্ভরশীল নয় এই দল।

তবে টি টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার মতে, নকআউট ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তই ফল নির্ধারণ করে দেয়। একটি খারাপ দিন পুরো চিত্র বদলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top