পাকিস্তানি লিজেন্ডদের খোঁচা দেওয়ায় শাদাবকে তিরস্কার

ভারতের কাছে আরেকটি হারের পর পাকিস্তানের পারফরম্যান্স তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে বারব আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানের মতো সিনিয়রদের বাদ দেওয়ার দাবি তুলেছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। পরে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী এক ইনিংস খেলে শাদাব তার দলে ঢোকা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে তিরস্কার করেছে।

নামিবিয়ার বিপক্ষে ১০২ রানে জিতে সুপার এইটে উঠেছে পাকিস্তান। ২২ বলে ৩৬ রান করার পাশাপাশি ১৩ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় অবদান ছিল শাদাবের। দারুণ এক ইনিংস খেলে শুধু মাঠেই নয়, তিনি সমালোচনার জবাব দিয়েছেন সংবাদ সম্মেলনে এসেও। তার কথা, ‘সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা (সাবেক খেলোয়াড়) ছিল লিজেন্ড। কিন্তু আমরা যা করতে পেরেছি, সেটা তারা পারেনি। আমরা একটি বিশ্বকাপে ভারতকে হারিয়েছি।’

টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী টিম ম্যানেজার নাভিদ চিমা শাদাবের মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, পাকিস্তানি অলরাউন্ডার সীমা ছাড়িয়ে গেছেন। রিপোর্টে বলা হয়েছে, ‘নাভিদ চিমা শাদাবকে ফোন করে জানিয়েছেন যে, গত বুধবার রাতের সংবাদ সম্মেলনে তিনি (শাদাব) তার সীমা অতিক্রম করেছিলেন। শাদাবের জানা উচিত যে তার শ্বশুর সাকলাইন মুশতাকসহ সকল সাবেক খেলোয়াড়রাই অত্যন্ত সম্মানিত এবং পাকিস্তানের কিংবদন্তি। শাদাবের উচিত তাদের সম্মান করা এবং এমন ভাষা ব্যবহার না করা।’

শাদাবের শ্বশুর ও পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাকও তার জামাতার এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। একে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করে তিনি টেলিকম এশিয়া স্পোর্ট-কে বলেন, ‘সেগুলো ছিল অনাকাঙ্ক্ষিত মন্তব্য এবং অধিকাংশ খেলোয়াড়ই আমার সাথে খেলেছে। প্রকৃতপক্ষে, আমিও তাদের মধ্যে একজন যারা কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেনি, কিন্তু আমরা পাকিস্তানের জন্য অনেক বড় বড় ম্যাচ জিতেছি— টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই।’

আরেক সাবেক খেলোয়াড় কামরান আকমল শাদাবের মন্তব্যগুলো অপ্রাসঙ্গিক বা অনাবশ্যক ছিল বলেছেন। প্রতিবেদনে কামরানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সাবেক খেলোয়াড়দের বিরুদ্ধে এই ধরনের শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top