দাপুটে জয়ে পঞ্চম রাউন্ডে আর্সেনাল

এফএ কাপের চতুর্থ রাউন্ডে উইগান অ্যাথলেটিক এফসি’র বিপক্ষে ৪-০ গোলে দাপুটে জয় পেল আর্সেনাল। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করার মধ্যে দিয়ে শিরোপার লড়াই জিইয়ে রাখল ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

এদিন নিজেদের ঘরের মাঠে ম্যাচের প্রথম ২৭ মিনিটেই কাজ সেরে ফেলে আর্সেনাল। লিগ ওয়ানের (তৃতীয় বিভাগ) প্রতিপক্ষের রক্ষণভাগকে অনায়াসে পাশ কাটিয়ে ১১ থেকে ২৭ অর্থাৎ ১৬ মিনিটের মধ্যেই চার গোল তুলে নেয় তারা। 

১৯৯২-৯৩ মৌসুম থেকে শুরু করে গত ৩৪ বছরে এফএ কাপের কোনো ম্যাচে প্রথম ৩০ মিনিটে চার গোল করা ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব আর্সেনাল। এই ৩৪ বছরে প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাব এতটা দাপট দেখাতে পারেনি।মাঝমাঠে নেমে খেলা গুছিয়ে দেওয়া এবেরেচি এজের দুইটি নিখুঁত পাস থেকেই আসে প্রথম দুই গোল। দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম লেখান ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। 

এরপর দুর্ভাগ্য পিছু ছাড়েনি উইগানের। নিজেদেরই ডিফেন্ডার জ্যাক হান্টের মাথায় লেগে জালে জড়ায় তৃতীয় গোল। কিছুক্ষণ পর ক্রিশ্চিয়ান নরগার্ডের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে ব্যবধান ৪-০- করে দেন গ্যাব্রিয়েল জেসুস। 

আর্সেনালের গোলরক্ষক কেপা আরিজাবালাগার জন্য দিনটা তুলনামূলক সহজই ছিল। ক্লিনশিট নিশ্চিত করতে অবশ্য কাছ থেকে জো টেলরের শট এবং রাফায়েল রদ্রিগেজের শট কর্নারে পাঠানো- দুটি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়েছে তাকে।

বিরতির পর আর্সেনাল আরও একটি গোলের সম্ভাবনা জাগিয়েছিল। তবে ভিক্টর গিয়োকেরেসের শট বার পোস্টে লেগে ফিরে আসে। তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি। প্রথম আধঘণ্টার আধিপত্যে ম্যাচের রাশ শক্ত করে ধরে রাখে মিকেল আর্তেতার দল।

রাতের অন্য ম্যাচগুলোতে গ্রিমসবি ১-০ গোলে উলভস, অক্সফোর্ডকে একই ব্যবধানে সান্ডারল্যান্ড, স্টোক সিটিকে ২-১ গোলে ফুলহ্যাম এবং বার্মিংহ্যামকে পেনাল্টি শুট আউটে হারিয়েছে লিডস ইউনাইটেড। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top