দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যা বললেন ভারতীয় কোচ

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু যার কাজ ব্যাটারদের ঘাটতি পূরণ করার, সেই ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ব্যাটারদের দোষ দেখতে পাচ্ছেন না।

বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের লজ্জার হারকে ‘অফ ডে’ বলে কাটিয়ে দিয়েছেন তিনি। তবে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোটাক। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলে পরিবর্তনের দরকার কি না বুঝতে পারছেন না তিনি।

কোটাকের মতে, দিনটা ভারতীয় দলের ছিল না। সেই কারণেই হারতে হয়েছে। তিনি বলেন, ‘আমি বলব না, চাপ সামলাতে না পেরে হেরেছি। অনভিজ্ঞতার প্রশ্নই উঠছে না। এত আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর অভিজ্ঞতার অভাবের দোহাই দেওয়া যায় না। আমি বলব, দিনটা আমাদের ছিল না। সবারই খারাপ দিন ছিল।’

তবে চলতি বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরম্যান্স যে চিন্তা বাড়াচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কোটাক। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। সেটা চিন্তার কারণ। আমরা ভাবছি। গৌতম ও সূর্য এই বিষয়ে কথা বলেছে। যদি কিছু পরিবর্তন হয় তো ওরা পরিবর্তন করবে।’

কোটাকের এই কথা থেকে স্পষ্ট, দলে পরিবর্তন হতে পারে। রবিবার হারের পর ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশকাট সংবাদ সম্মেলনে বলেছেন, অক্ষর প্যাটেলকে না খেলানো ভুল হয়েছিল। পাশাপাশি সঞ্জু স্যামসনের নাম নিয়ে যে আলোচনা হবে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এবার কোটাকের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top