টাইগারশূন্য বিশ্বকাপে দর্শক সংকট: ধারণক্ষমতা ৬৫ হাজার, টিকিট বিক্রি ২৯১৭টি

বাংলাদেশ না থাকায় টি টোয়েন্টি বিশ্বকাপে যে দর্শকসংকট তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে কলকাতার ইডেন গার্ডেন্সে। যেখানে ৬৫ হাজার দর্শক বসার জায়গা থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট। ইতিহাসে প্রথমবার টাইগারদের ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে গ্যালারির এই শূন্যতা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের অনুপস্থিতির বাস্তব প্রভাব।

টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন ম্যাচগুলো থেকে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে স্পষ্ট মন্দাভাব দেখা যাচ্ছে।

কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে থাকা টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো বড় আসরে এমন দর্শকসংকট আগে কখনো দেখা যায়নি। হতাশাজনক এই চিত্র স্থানীয় আয়োজকদের দুশ্চিন্তায় ফেলেছে।

আজ উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটি অনুষ্ঠিত হবে ইডেনে, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। এই ম্যাচের জন্য গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট। অথচ ইডেন গার্ডেন্সের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার।

১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৪৯৭০টি। আর ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ম্যাচের জন্য শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ১২৪৮টি টিকিট। এই সংখ্যাগুলোই স্পষ্ট করে দিচ্ছে, বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি কত বড় ঝুঁকি নিয়েছে।

টাইগারদের অনুপস্থিতিতে বিশ্বকাপের জৌলুস যেমন কমেছে, তেমনি মাঠের গ্যালারিতেও পড়েছে তার ছাপ। ক্রিকেটপ্রেমী কলকাতার শহরেও এখন দর্শকখরার বাস্তবতা সামনে এসে দাঁড়িয়েছে।

1 thought on “টাইগারশূন্য বিশ্বকাপে দর্শক সংকট: ধারণক্ষমতা ৬৫ হাজার, টিকিট বিক্রি ২৯১৭টি”

  1. বাংলাদেশ না থাকায় টি টোয়েন্টি বিশ্বকাপে যে দর্শকসংকট তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

Leave a Reply to Md Sohel Rana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top