৩–০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানোর উদাহরণ চ্যাম্পিয়নস লিগে কম নেই। ট্রান্সফার মার্কেটের হিসাবে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৪ বার প্রথম লেগে তিন বা তার বেশি ব্যবধানে পিছিয়ে থাকা দল ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে। ২০১৬–১৭ মৌসুমে শেষ ষোলো প্রথম লেগে বার্সেলোনা ৪–০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ৬–১ ব্যবধানে।কিন্তু প্রথম লেগে ৩ গোলে হারের পর যদি কোনো কোচ আত্মসমর্পণ করে বসেন, তবে সেই দলের জন্য প্রত্যাবর্তনের গল্প লেখা নিশ্চয় সহজ নয়। গতকাল রিয়াল মাদ্রিদের কাছে শেষ ষোলো প্রথম লেগে ৩–০ গোলে হারের পর ঠিক সেই কাজটিই করলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা খুব বেশি দেখছেন না সিটি কোচ।সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে মাত্র ২২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন ফেদেরিকো ভালভের্দে। ৩–০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যান সিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।



