ইসাককে সেরা ফর্মে দেখার আশায় লিভারপুল কোচ

অনেক নাটকীয়তা ও টানাপোড়েন শেষে আলেকসান্দার ইসাক লিভারপুলে নাম লিখিয়েছেন। তবে এখানে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। সঙ্গে চোটের আর ফিটনেস সমস্যাও বেশ ভুগিয়েছে তাকে। ভুগছেন এখনও। তবে চলতি মৌসুমেই ইসাককে সেরা ফর্মে দেখার আশায় আছেন লিভারপুল কোচ আর্না স্লট।

সুইডেনের এই ফরোয়ার্ড সবশেষ চোট পান গত ২০ ডিসেম্বর, প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে। সেদিন একটি গোলও করেন তিনি। গোলটি করার সময়ই প্রতিপক্ষের চ্যালেঞ্জে আঘাত পান তিনি। পরে ক্লাবের পক্ষ থেকে ইসাকের অ্যাঙ্কেলের চোট ও ফিবুলায় চিড় ধরা পড়ার কথা জানানো হয়। দুদিনের মধ্যে তার অস্ত্রোপচারও করা হয়। সেই থেকে মাঠের বাইরে আছেন নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে গত গ্রীষ্মের দলবদলের শেষ দিনে অ্যানফিল্ডে পাড়ি জমানো এই তারকা।

ইসাককে কিনতে লিভারপুলের প্রায় সাড়ে ১২ কোটি পাউন্ড খরচ হয়েছে বলে গণমাধ্যমের খবর। কিন্তু পারফরম্যান্স দিয়ে এখনও ক্লাবের আস্থার প্রতিদান কিছুই দিতে পারেননি তিনি। তার ক্লাবও মাঠে ভুগছে ধারাবাহিকভাবে, বিশেষ করে প্রিমিয়ার লিগে। তাদের লিগ শিরোপা ধরে রাখার আশাও বলা যায় শেষ হয়ে গেছে; ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা, শীর্ষস্থান থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে। এখন তাদের লক্ষ্য যতটা সম্ভব টেবিলের ওপরের দিকে থেকে লিগ শেষ করা।

সেই লক্ষ্য পূরণে ইসাককে মৌসুমের শেষদিকে পাওয়ার আশা করছেন স্লট। ইতোমধ্যে লিভারপুলের জার্সিতে তিনটি গোল করা এই স্ট্রাইকারের শেষ ধাপের পুনবার্সন শুরু হয়েছে বলেও সাংবাদিকদের জানান কোচ। তিনি আরও বলেন, অ্যালেক্স মাঠে নেমেছে, তবে ফুটবল বুট পরে নয়, দৌড়ানোর জুতা পরে এই সপ্তাহে এই প্রথমবার। এভাবে আরও কিছুটা সময় যাবে। মাঠে যখন নেমেছে, তখন আমার মনে হয় আমরা সবাই জানি, এখন আর তিন মাস সময় লাগবে না। তবে পুনর্বাসনের এই শেষ ধাপেও কিছু পরিবর্তন আসতে পারে। জিমে খুব বেশি কিছু করা যায় না, কিন্তু এই পর্যায়ে আপনাকে ধারাবাহিকভাবে আরও কিছু করে যেতে হবে, এরপর আবার নতুন কিছু। (তার ফেরার ব্যাপারে) নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ না করি; তবে এটা পরিষ্কার যে সে এই মৌসুমেই ফিরবে… যদি সবকিছু পরিকল্পনামতো হয়।

স্লটের কাছে জানতে চাওয়া হয়, মার্চের আন্তর্জাতিক সূচির সময়ে কি ফিরতে পারবেন ইসাক। উত্তরে তেমন সম্ভাবনার কথাই বলেন তিনি। স্লট বলেন, ওই সময়ের আশেপাশেই (সে ফিরতে পারে)। তবে একটা প্রশ্ন সবসময় থেকেই যায়, সবকিছু ঠাকঠাক হবে তো, নাকি নতুন কোনো বাধা আসবে। (তবে সব ঠিক থাকলে) মার্চের শেষ দিকে সে ফিরবে অথবা এপ্রিলের শুরুতে, ওইসময় সে পুরো দলের সঙ্গে ফিরবে। স্লটের শেষের কথায় ইসাকের জাতীয় দলের জন্য তেমন কোনো আশা দেখা যাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের সেমি-ফাইনালে আগামী ২৭ মার্চ তার দেশ সুইডেন খেলবে ইউক্রেইনের বিপক্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top