এশিয়া কাপ বাছাইপর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে হামজা চৌধুরিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে আলোচনা। তবে হামজার খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
হামজা তার ক্লাব লেস্টার সিটির চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। কোচ জানান, মার্চের মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাওয়া যেতে পারে।
কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকেও এবার আগেভাগে অনুশীলন শিবিরে পাওয়ার চেষ্টা চলছে। কোচ জানিয়েছেন, সামিত দ্রুত দলে যোগ দিতে আগ্রহী।
১৪ মার্চ পর্যন্ত ঘরোয়া ফুটবল চলবে। এক দিন বিরতির পর ১৬ মার্চ থেকে জাতীয় দলের অনুশীলন শিবির শুরু হবে। ঢাকায় চার দিন অনুশীলনের পর দল ভিয়েতনামে যাবে প্রস্তুতি ম্যাচ খেলতে। উচ্চ অবস্থানে থাকা দলের বিপক্ষে খেলে ‘সাফ’ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চান কোচ।
উল্লেখ্য, ৩১ মার্চ কোচ ক্যাবরেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে আপাতত ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ নিয়েই মনোযোগ রাখছেন তিনি।



