জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।
১৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন করেন।
কমিটিতে নুরে সিদ্দিকী সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. রাসেল রানাকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ; যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন; সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন; প্রচার সম্পাদক বাদল কারার এবং দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এদিকে প্রায় এক যুগ পর মালয়েশিয়া যুবদলের কমিটি অনুমোদন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ২০১২ সালের পর আবার মালয়েশিয়া যুবদল নতুন কমিটি পেল। একসঙ্গে দুই আনন্দে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সব কর্মসূচি; মালয়েশিয়া যুবদল ঐক্যবদ্ধভাবে পালন করতে সদা সচেষ্ট থাকবে।




