পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য করায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রঞ্জিত কুমার সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাঁর বিরুদ্ধে নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে অশালীন ও নারীবিদ্বেষী বক্তব্য প্রদানের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদপদবি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।  তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জাম আসাদ বলেন, স্বতন্ত্র প্রার্থীর জনসভায় উপস্থিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। এরপর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে রঞ্জিত কুমরার সরকারকে নাটোর জেলা বিএনপির সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে বক্তব্য জানতে রঞ্জিত কুমার সরকারের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া দেননি তিনি। 

গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যের ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে মুচলেকাও দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু।

1 thought on “পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top