ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, নবীন ও প্রবীণের সম্মিলিত শক্তিতে আমরা ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস, মাদক ও দখলবাজ মুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলব। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বা দুর্নীতিবাজ চক্র সুবিধা করতে পারবে না।
শনিবার সকাল ৮টায় জাতীয় উদ্যানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তুলি বলেন, জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান ইনশাল্লাহ এ দেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর নেতৃত্বে দেশ ও ঢাকা–১৪ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে কিশোর গ্যাং ও অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। সমাজের অবক্ষয়ের জন্য বাইরের কেউ দায়ী নয় উল্লেখ করে তুলি বলেন, পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রত্যেক পরিবার থেকেই শুদ্ধ অভিযান শুরু করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, মো. হানিফ, ডা. আরিফ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


