কিশোরগঞ্জে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের মশালমিছিলে মো. মিজানুর রহমান (৪০) নামে দলের এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশালমিছিলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামকে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা ও তাঁদের অনুসারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান (চুন্নু), মো. রুহুল হোসাইন, শরীফুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (সোহেল)।কর্মসূচির অংশ হিসেবে দলের মনোনয়নবঞ্চিত পাঁচ নেতার পক্ষ থেকে সম্মিলিতভাবে গতকাল রাতে পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশালমিছিল বের করা হয়। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্য নেতা-কর্মীরা তাঁকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, মশালমিছিল চলাকালে একজনের মৃত্যুর খবরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন হার্ট অ্যাটাকে করে মারা গেছেন মিজানুর রহমান। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।দলের মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি রাতেই মিজানুর রহমানকে দেখতে ছুটে যান। হৃদ্রোগীকে মশালমিছিলে নেওয়াটা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

2 thoughts on “কিশোরগঞ্জে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু”

  1. কিশোরগঞ্জে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

  2. কিশোরগঞ্জে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

Leave a Reply to Md Rubel Mia Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top