আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ : এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, আপনারা একটি বারের মতো ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। মাদকমুক্ত সমাজ গঠনসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বেকারত্বদূরীকরণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এ ছাড়া কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

1 thought on “আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ : এস এম জিলানী”

  1. গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ।

Leave a Reply to Md Sohel Rana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top