মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এই স্তম্ভের নাম রাখা হয়েছে ‘চির উন্নত বিজয় নিশান’।
উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ১২০ ফুট উচ্চতার এই পতাকা-স্তম্ভে ২৮ ফুট দৈর্ঘ্য ও ১৬.৮ ফুট প্রস্থের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একাডেমি প্রাঙ্গণে উড্ডীয়মান এই পতাকা সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে আনসার-ভিডিপি জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।
তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করে বলেন, ভাষাশহিদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।
বক্তারা জানান, ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। ভাষা আন্দোলনের অমর চেতনাকে ধারণ করে বাহিনী ভবিষ্যতেও দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



