স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত

স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় একশ’ যাত্রী, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রেন যাত্রা শুরুর মাত্র ১০ মিনিট পর দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছে লাইনচ্যুত হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেনটির কয়েকটি বগি পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে সজোরে ধাক্কা দেয়। ফলে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে এবং এর একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়, কয়েকটি বগি উল্টে যায়। দুই ট্রেনে মোট প্রায় ৫০০ যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগ, দমকল বাহিনী ও চিকিৎসাকর্মীরা। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “দেশ একটি গভীর বেদনাদায়ক রাত পার করতে যাচ্ছে।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তিনি এটিকে ‘অত্যন্ত অদ্ভুত’ ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

অন্যদিকে, আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ তদারকি করেন।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় পুরো স্পেনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষ করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top