জেনেভায় ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর পারমাণবিক আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফোনালাপে তেহরান ও সৌদির শীর্ষ কূটনীতিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
এসময় আরাগচি তার সৌদি প্রতিপক্ষকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক ফলাফল না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা অব্যাহত থাকার আহ্বান জানিয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্ততায় মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের সুলতানি দূতাবাসে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছে।



