যখন অনেক অর্থ লোকসানের ভয় এল, তখন ভারত–পাকিস্তান সংঘাত বন্ধ করল: ট্রাম্প

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছিলেন। এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ সংঘাত না থামালে তিনি তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। দুই দেশের সংঘাত চলাকালে ‘১১টি যুদ্ধবিমান ভূপাতিত’ হয়েছিল বলেও নতুন করে দাবি করেছেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের বৈঠকে দেওয়া বক্তব্যে এসব দাবি করেন। তিনি বলেন, ভারত-পাকিস্তান লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু যখন অর্থের কথা এল, অনেক অর্থ লোকসানের ভয় এল, তখন তারা লড়াই বন্ধ করল।

ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে, পাকিস্তান এবং ভারত। ওটা অনেক বড় বিষয় ছিল। মনে হয়, আপনার (শরিফ) আসলে দাঁড়ানো উচিত। দয়া করে এক সেকেন্ডের জন্য দাঁড়ান। পাকিস্তান এবং ভারত। ধন্যবাদ আপনাকে।’পরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে বলেছিলেন, ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি করিয়ে দিয়ে ‘আড়াই কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আপনি এই মন্তব্যটি করেছিলেন। আমি বলেছিলাম ২৫ মিলিয়ন (আড়াই কোটি) প্রাণ, আসলে এটি আরও অনেক বেশি হতে পারত। কিন্তু বিষয়টি সত্যিই চমৎকার ছিল…তখন যুদ্ধ চলছিল। যুদ্ধবিমান ভূপাতিত করা হচ্ছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছিল।” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তাঁর শুল্ক নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি করিয়েছিলেন।

ট্রাম্প বললেন, ‘আমি তাদের দুজনকে ফোন করেছিলাম। আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালো করে চিনি। আমি তাঁদের ফোন করে বললাম, আপনারা যদি এই সমস্যার সমাধান না করেন, তবে আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করব না। এবং হঠাৎ করেই আমরা একটি সমাধানে পৌঁছালাম।’মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমি বলেছিলাম, যদি আপনারা লড়াই চালিয়ে যান তবে আমি আপনাদের প্রত্যেকের দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক বসিয়ে দেব। তাঁরা দুজনেই লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু যখন অর্থের কথা এল—অর্থের মতো বড় আর কিছু নেই। যখন অনেক অর্থ লোকসানের ভয় এল, তাঁরা বললেন, আমরা আর লড়াই করতে চাই না। ১১টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অনেক দামি বিমান।’এর আগে অবশ্য ট্রাম্প সর্বশেষ ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করেছিলেন।ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। গত বছরের ১০ মে থেকে তিনি ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।গত বছরের ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত বছরের ৭ মে ভারত হামলা সে দেশে চালিয়ে বসে। পাকিস্তানও পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত বেধে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top