ভারতে জাকাত সংগ্রহকালে তিন প্রবীণ মুসলিমকে মারধর, ভিডিও ভাইরাল

ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার রুয়াদায়ন শহরে রমজান মাসে ‘জাকাত’ বা দান সংগ্রহ করতে আসা তিন প্রবীণ মুসলিম ব্যক্তিকে হেনস্তা ও মারধরের অভিযোগে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ১৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

ভুক্তভোগী ৬০ বছর বয়সী আব্দুল সালাম জানান, তিনি এবং তার দুই সঙ্গী মুহম্মদ আরিফ ও জাভেদ খান একটি মাদ্রাসার জন্য দান সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন। তারা যখন মুসলিম মহল্লা এবং মহাসড়কের দিকে যাওয়ার রাস্তা খুঁজছিলেন, তখন অক্ষয় কুমার নামে এক যুবক তাদের পথ আটকে দাঁড়ান। 

অভিযোগ উঠেছে, অক্ষয় তাদের নাম জিজ্ঞেস করার পর জাভেদ খানের টুপি খুলে নেন এবং তাদের বারবার চড় মারেন। এমনকি ওই তিন ব্যক্তি প্রাণভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত যুবক প্রায় ৫০০ মিটার পর্যন্ত গালিগালাজ করতে করতে তাদের ধাওয়া করেন।

ঘটনার পরপরই সামাজিক মর্যাদাহানির ভয়ে এবং আতঙ্কে বিষয়টি পুলিশকে জানাননি ওই ব্যক্তিরা। তবে দুদিন পর ইন্টারনেটে একটি উসকানিমূলক গানের সঙ্গে তাদের হেনস্তার ভিডিওটি ভাইরাল হতে দেখে তারা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। 

আব্দুল সালামের দাবি, পোশাক বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এভাবে কাউকে হেনস্তা করা অত্যন্ত নিন্দনীয় এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বদায়ূঁ-র পুলিশ সুপার ব্রিজেশ কুমার সিং জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত অক্ষয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। 

এদিকে এই ঘটনার ভিডিওটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করে উত্তরপ্রদেশ কংগ্রেস বর্তমান সরকারের সমালোচনা করেছে এবং রাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

1 thought on “ভারতে জাকাত সংগ্রহকালে তিন প্রবীণ মুসলিমকে মারধর, ভিডিও ভাইরাল”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top