বেলুচিস্তানে হামলার পর পাকিস্তানের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের ‘ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স’ (এসসিএ) জানায়, বেলুচিস্তানে সংঘটিত সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তারা অবিচলভাবে পাকিস্তানের পাশে আছে।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এখনও যুক্তরাষ্ট্রের ঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত রয়েছে উল্লেখ করে এই গোষ্ঠীর চালানো হামলাগুলোকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছে এসসিএ।

সমাজমাধ্যমে এসসিএ লিখেছে, “বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা পাকিস্তানের পাশে আছি। আমাদের অবস্থান অনড়। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে স্বীকৃত। আমরা এই নৃশংস হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার চেষ্টাকে সমর্থন করি।”

গত ৩১ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জায়গায় সিরিজ আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং বন্দুক হামলা হয়। এই হামলার দায় স্বীকার করে বিএলএ।

হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়।

ওই হামলার পর বেলুচিস্তানে বিদ্রোহী দমনে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত সেই অভিযানে ২১৬ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

এরপর শুক্রবারই এই হামলার ঘটনা নিয়ে বিবৃতি দিল যুক্তরাষ্ট্র। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে ২০২৫ সালের অগাস্টেই আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য ডন

1 thought on “বেলুচিস্তানে হামলার পর পাকিস্তানের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের”

  1. বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এখনও যুক্তরাষ্ট্রের ঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত রয়েছে উল্লেখ করে এই গোষ্ঠীর চালানো হামলাগুলোকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছে এসসিএ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top