দিল্লিতে অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ, আটক মহুয়া মৈত্রসহ তৃণমূলের ৮ এমপি

কেন্দ্রীয় সরকারের অর্থনীতিবিষয়ক তদন্ত সংস্থা ইডির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন তৃণমূল কংগ্রেসের ৮জন সংসদ সদস্য। পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দিয়েছে। সেই সময় পুলিশ সদস্যদের সঙ্গে সংসদ সদস্যদের ধস্তাধস্তি হয়। ধরনাকারীদের অভিযোগ, তল্লাশির উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল চুরি করা, সম্ভাব্য প্রার্থী তালিকা হাতানো এবং ভোটের আগে সংগঠনকে দুর্বল করে দেওয়া, যাতে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে পুলিশ আটক করে ডেরেক ওব্রায়ান, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কীর্তি আজাদ, বাপি রায়, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকারকে। তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সংসদ সদস্যদের জবরদস্তি পুলিশ ভ্যানে তোলার সময় মহুয়া মৈত্র সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অমিত শাহের উদ্দেশে মহুয়াকে ‘শেম শেম’ বলতে শোনা যায়। তিনি বলেন, অমিত শাহ ইডিকে দিয়ে নথি চুরি করাচ্ছে। ডেরেকসহ অন্য সংসদ সদস্যদের ‘অমিত শাহ শরম করো’, ‘চুরি বন্ধ করো’, ‘নথি ও ভোট চুরি করে জেতা যাবে না’, ‘বাংলায় বিজেপিকে আমরাই হারাব’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এর পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সে সংসদ সদস্যদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি দিয়ে টুইট করে বলেন, ‘গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে। এজেন্সিদের হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনে কারচুপি করা হচ্ছে।

বিক্ষোভকারীদের জেলে ঢোকানো হচ্ছে। ধর্ষকদের জামিন দেওয়া হচ্ছে। এটাই বিজেপির নতুন ভারত। সারা দেশ এই চাপের কাছে মাথা নত করলেও পশ্চিমবঙ্গ প্রতিরোধ করবে। যতই অত্যাচার করো, আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করব ও তোমাদের হারাব।’
গতকাল সকালেই কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনর বাসভবনে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে ইডির কর্মকর্তারা তল্লাশি চালানো শুরু করেন। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জায়গায় পৌঁছে যান। সঙ্গে ছিলেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মকর্তারা। দুই জায়গা থেকেই তিনি বহু নথি নিয়ে ফিরে যান। যাওয়ার আগে গণমাধ্যমকে বলেন, আইপ্যাক সংস্থা দল ও সরকারের নির্বাচনী সহায়ক। দীর্ঘদিন ধরেই তারা চুক্তিবদ্ধ। সেই সংস্থা থেকে ভোটের আগে ইডিকে দিয়ে বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী নথি হাতাতে চাইছে।
লক্ষণীয়, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও মমতা দুই জায়গায় বিনা বাধায় প্রবেশ করেন এবং বেশ কিছু ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে চলে যান। ইডিও গতকাল রাত পর্যন্ত কোন ‘সিজার লিস্ট’ তৈরি করতে পারেনি। কীভাবে তা সম্ভবপর হয়, সেই প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মুখ্যমন্ত্রী সদলবল কীভাবে এই কাজ করতে পারেন, সে সম্বন্ধেও প্রশ্ন উঠেছে।

গতকালই মমতা ঘোষণা দেন, এর বিরুদ্ধে রাজ্যে তো বটেই, গোটা দেশেও তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাবে। আজ সাতসকালে দিল্লিতে অমিত শাহের অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ তারই অংশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিক্ষোভ মিছিল বের করবেন কলকাতায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top